শিল্প সাহিত্যবাংলা সাহিত্য, কবিতা ও সংস্কৃতির আঙিনা
SPACE FOR ADআপনার বিজ্ঞাপন এখানে দিন
সর্বশেষ
সর্বশেষ পোস্ট লোড হচ্ছে...

Wednesday, August 26, 2020

শিল্প সাহিত্য ১২৫

রবিবার  ১লা ভাদ্র ১৪২৭, ১৬ই আগষ্ট ২০২০ 



কবিতা

আইরিন সুলতানা লিমা

প্রমত্ত 


ধর, তুমি কবি 

আমি কবিতার চারণভ‚মি 

কিছুকাল চষে বেড়ালাম 

কবিতা হয়ে ঘুরে ফিরলাম। 

তুমি বললে, এবার তোমার পরীক্ষা 

কিসের? আমার প্রশ্ন ছিল

উত্তরে তুমি বললে, আনুগত্যের; 

আগামীকাল কুরবানি কর তোমার জান 

আমি বললাম, জান নিতে চাইলে দেব 

তোমার সন্তুষ্টির জন্য সব করব 

তবে, আমি যে মানুষ 

বোধহয় ভুলে গেছ, কবি 

তবে কী আমি জানব-

কবি মানেইপ্রমত্তচিত্ত; হাওয়ার বিশ্বাসভ‚মি!


সাব্বির হোসেন

জীবন আর থলের প্রেম


থলে থেকে বেড়িয়ে আসে জীবন,

রং দেখিয়ে আবার ঢুকে পড়ে নতুবা অন্যত্র চলে যায়।

মানবের অবয়বের সাথে মিশে থাকে থলের কাগজ,

আর সেই থলেতেই জীবনের লজ্জাহীন সংসার।

এত লালন এত পালন এত সোহাগ

এসবের কোন মূল্যবোধ এই পাষাণ জীবনের কাছে নেই।

কারও কারও থলেতে জমা পড়ে শুধুই সাদা কাগজ

আর আছে শুধু প্রাণবধ টুকরো অপূর্ণ স্বপ্ন।

চামড়ার থলের ভাব আছে, অহংকার আছে

কিন্তু গরীবের থলের আছে শুধু ক্ষুধা আর কান্না। 

জোড়াতালি দিতে দিতে ঝাঁজরা যোদ্ধার থলে

ভেতরে জমা পড়েছে সহস্র বারুদের ছাই।

কী আমির আর কী গরিব, সব জীবনের পাছে

কাঙ্গাল হয়ে ছুটছে আর ছুটছে অন্ধের মত। 

অবাক করা বিষয় হল, এই জীবনের কোন হাত পা নেই। এটি তরল আর চারটে কোন আছে। 

অংকে লেখা আছে এর মানদণ্ড। 

জীবন চলে যায় কবিতার মত বাড়ি বাড়ি কৌশলে,

থলে পড়ে থাকে কবির মত অযত্নে ঐ এক টেবিলে।


বঙ্কিম কুমার বর্মন

নাছোড় লেখা


ঘুরেফিরে এই কথা বলো সখী মন লাগেনা কাজে। যার কোনো বন্দর নেই, ঘাট নেই, তার কোনো পূর্বাভাস নেই মেঘে। কিভাবে চলে রামধনুর প্রেমে। ও পাড়ার প্রস্তুত পায়রাগুলি কুয়াাশার বচন খুঁটে খায়। সেই অর্থে সহজ বর্ণময় নদীকেও লিখেছি নারীকেন্দ্রিক চিঠি। তুমি অভিমান তুলে নাও এই ভর দুপুরে। সেভাবে তো আমিও ফিরেছি কোনো মনভাঙা ভোরের দিকে। সেই যে ছুটে চলা পথের ফাগুন বলিষ্ঠ আয়ুরেখা। কাব্যময় স্থির চাঁদ বাড়ি বাড়ি ফিরে, এই বেলা আমিও সমানুপাতে কাহিনীর দ্রুত উপমা সঞ্চয়ে। বোকা মেয়েটি তুমি তখনও ভীষণ চটে মৃদু বাতাসের সাম্রাজ্যে। বাধ্য রাত্রির জাগরণের সব উৎসে পুষ্পবৃষ্টি দিয়েছি কারণ তাঁরাও তো কোনো নির্জন নীহারিকার  রাজটীকা। প্রাচীন  বিস্তারে  চুল উড়ছে উদ্দাম নৃত্যের দেহব্যাকুল। তুমি নিদ্রাহীন শহর গোছাও দু’হাতে, একটি আম গাছ লাগাও। ভীষণ প্রয়োজন বর্ষার মাতাল সবুজ কৌতুহলে।


মিলন ইমদাদুল

গর্ভহত্যা 


নারী, গর্ভের সন্তান যদি কোনদিন চিনতে পেরে

আর্তনাদ করে ডেকে উঠে মা মা বলে, মহামিলনে

আপনি কি তাকে চিনতে পারবেন?


চিনতে পারবেন কি সেই নবজাত শিশুটিকে?

যাকে কোটি বছর পূর্বে খুন করেছিলেন আপন গর্ভে

যাকে পৃথিবীর আলো বাতাস দেখতে দেননি একটিবার!


মনে পড়ে-

এক বিষণ্ন সন্ধ্যায় সূর্য্য যখন দিনের ক্লান্তি শেষে

ফিরে যাচ্ছিলো নিজ গন্তব্যে...

রাখালেরা যখন ঘরে ফিরছিলো আপন মহিমায়

ঠিক সেই সময়ে হত্যা করেছিলেন আপনি তাকে

একটুও শিহরিত হয়নি আপনার হাত! 


কি পাপ করেছিলো নিষ্পাপ শিশুটি?

কি করে এতোটা নিষ্করণ হতে পারলেন আপনি?

কিছুই তো চায়নি সে আপনার কাছে-

শুধু একটিবার দেখতে চেয়েছিলো আপনাকে

বাঁচতে চেয়েছিলো কিছুটা সময় পৃথিবীর বুকে 


এটাই কি তার অপরাধ!

তবে কেনো! কেনো পাষন্ডের মতো হত্যা করলেন আপন গর্ভকে

জবাব দেন! জবাব তোমায় দিতেই হবে মা!


সরকার অরুন কুমার

নিষ্কর্মার ঢেঁকি


সাপের নির্মোক ছিঁড়ে

পালে ঝড় ভরে দাও

জ্বলে ওঠো নির্বিকার

নক্ষত্র আকাশে।


খুঁজে নাও নির্বিকল্প সত্য

মনটাকে করো নির্বিষ

তোমরা নির্ভেজাল সত্য সন্ধানী

সাজেনা নির্লিপ্ততা।


নীল আকাশের আবছায়ায়

ঢাকা পড়ে সুখের নিলয়

উপবিষ্ট কদাচারী কুবেব আসনে

নীলাভ আঁখি হয়েছে ম্লান অকারণে।


জেনে রেখো...

আমি নিষ্কর্মার ঢেঁকি।


সুরঞ্জন অধিকারী

মন নদী


বহমান চপল চঞ্চল নদীটা,

জন্ম থেকেই বিশেষ অবরুদ্ধ,

ক‚ল ভরা জল, আর বুক ভরা ঢেউ,

সেতো জন্মান্তরের সাধনা তার!

পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতায়

জীবন তার থেমে থাকেনি এক মুহুর্ত!

নিঃস্বার্থ ভালোবাসায় অকৃত্রিম

হৃদয়ের উৎসারে, সে ছিল অনন্য, আহ্বাণ।


তারপর হঠাৎ একদিন, হৃদয়ের বিকলতায়,

হিমশীতল মৃত্যুর আলিঙ্গনে পরপারে পাড়ি দেয়,

না ফেরার দলে, নক্ষত্রের দেশে পরবেশে!


বড়ো ভিড়ে ঠাসা, ‘বনগাঁ লোকালে’,

আর বলবো না, “সুপ্রাদি কেমন আছো তুমি?”

ক্রান্তিকাল, আজ কালের কপোলে,

এক অনতিক্রম্য নিদারুণ দুঃসময়!

বিনম্র শ্রদ্ধায়, তোমাকে জানাই, শেষ বিদায়!


সুপ্রাদি, তুমি আজ অলৌকিক গাছ!

ভোরের বিশুদ্ধ বাতাস, নিঃশ্বাস প্রশ্বাস!

আকাশের পরে, আরো এক অনন্ত আকাশ!


ধারাবাহিক গল্প

সোনার বালা গায়েব রহস্য

প্রণব কুমার চক্রবর্তী


নয়

      রহস্যের সূত্র কিছুটা উদঘাটিত হয়েছে।

      শেখর মিত্র খানিকটা পুলকিত হয়েই থানার বড়বাবুর সাথে আলোচনা করেই ছুটেছিল সিংহী পার্কে দিবাকর রায়চৌধুরীর বাড়িতে। ভদ্রলোক ওকে দেখেই মাল বাবুর কথা জানতে চেয়েছিলেন । ভালো আছেন, তবে শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে শুনে দুঃখ প্রকাশ করে বলেছিলেন - কী করণে সে এখানে এসেছে ? বালা গুলোর কোনো হদিস পেয়েছে কিনা? শেখর মিত্র প্রত্যুত্তরে বলেছিল - এখনো পাওয়া যায়নি । তবে, সেই ব্যাপারেই ওনাকে একটু ডিস্টার্ব করতে এসেছে। এই মুহূর্তে ওর বিশেষভাবে জানা দরকার যে, সেদিন ডায়মন্ডহারবার মর্গ থেকে কে বড়বাবুর লেখা চিরকুটটা নিয়ে বাঁকির মোড়ে মাল বাবুর কাছে গিয়েছিলেন বাড়ির চাবির গোছাটা নিয়ে আসতে?

      দিবাকর বাবু সব শুনে বলেছিলেন  - ওটা ওর পক্ষে বলা সম্ভব নয়। সেদিন কেন, এখনো এই বাড়ির ব্যাপারে যা কিছু করার - সবটাই করছে ওর বন্ধু রঞ্জন দত্ত। ওকেই বরং ডেকে দিচ্ছেন। ওর সাথে কথা বলে নেয়াটাই আপনার ঠিক হবে, বলেই ফোন করে বন্ধুকে বললেন এক্ষুণি ওর বাড়িতে চলে আসতে। সেই বালা চুরির ব্যাপারে থানা থেকে একজন দারোগাবাবু এসেছেন। কি সব জানতে চাইছেন?

      রঞ্জন দত্ত প্রথমে অন্য কাজের দোহাই দিয়ে আসতেই চাইছিলেন না। ফোনেই বলে দিলেন - ওই ব্যাপারে ওর আর কি বলার আছে? যা করার সব তো সেইদিনই মিটিয়ে দিয়ে আসা হয়েছে। তার পরেও আবার কিসের তদন্ত? কাজ তো নেই একটা ডেড কেস কে নিয়ে অযথা ঘাটা-ঘাটি শুরু করেছে! ওর অত সময় নেই যে এই ধরনের ফালতু ব্যাপারে এসে অযথা পেলা দেওয়ার।

      দিবাকর বাবু বুঝিয়ে বলাতে রঞ্জন দত্তের মেজাজটা খানিকটা শান্ত হয়। শেষ পর্যন্ত এসে শেখর মিত্র কে সর্বতোভাবে সাহায্য করা শুরু করেন।

      আলোচনা থেকে যে গল্পটা উঠে এলো, সেটা হল - ঐদিন রঞ্জনবাবু চাবির গোছা নিয়ে আসার জন্য দিবাকর বাবুর অফিসের কর্মচারী রতিকান্ত সেনকেই কালো রংয়ের প্রাইভেট কার ২৬৭৩এ করে ঘটনাস্থলে মাল বাবুর কাছে পাঠিয়েছিলেন। খুব সম্ভবত শ্যামা ড্রাইভার ঐদিন ওই গাড়িটা চালাচ্ছিল।

      রহস্যের জট সম্পূর্ণ না হলেও কিছুটা খুলেছে।

      শেখর কিছু বলার আগেই রঞ্জন বাবু দিবাকর বাবুকে বললেন - দিবাকর? তুই এক কাজ কর? ফোন করে তোর অফিস থেকে রতিকান্তকে ডাকিয়ে নে। রঞ্জন দত্তের কথাটা শুনে দিবাকর রায় চৌধুরী জানালেন, রতিকান্ত ওই এক্সিডেন্ট এর পর থেকেই অফিসে আসছে না। আসলে ঐদিন সকলের ডেড বডি দেখার পরে ও এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে, অফিসেই আর আসতে পারছে না। তবু, তুই যখন বলছিস, ওকে এখানে  ডাকিয়ে নিচ্ছি। আমার মনে হয় না এতে কোন লাভ হবে। 

      দিবাকর বাবু ফোনে কথা বলে জানলেন যে, রতিকান্ত সেন আজ অফিসে এসেছে। বললেন, ও যেন অফিসেই থাকে। গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, ও যেন অত করে আমার বাড়িতে চলে আসে। খুব জরুরী দরকার, বলেই শ্যামা ড্রাইভার এর খোঁজ করলেন। কিন্তু, ওকে পাওয়া গেল না । কিছুক্ষণ পরে একজন এসে জানালো যে সে প্রায় মিনিট চল্লিশেক আগে বাড়ি চলে গেছে। মরে গেছে বাড়ি থেকে হঠাৎ ওর মায়ের খারাপ সংবাদ এসেছে। তাই লগন সিংকে গাড়িটা চালানোর কথা বলে, চলে গেছে।

      - হ্যাঁ। বুঝেছি। রঞ্জন দত্তের লাভ দিয়ে সোফা থেকে উঠে বললেন - মিস্টার মিত্র? গেট আপ। আমাদের এক্ষুণি শ্যামা ড্রাইভার এর বাড়িতে যেতে হবে। দেরি করা যাবে না। দেরি করা মানেই, মালগুলো সব হাপিস হয়ে যাবে।

      - তাহলে, রতিকান্তের কি হবে? দিবাকর বাবু জানতে চাইলেন।

      দত্তবাবুর প্রথমে ওক শ্যামা ড্রাইভার এর বাড়িতে চলে যেতে বলে, খস করে একটা সিগারেট ধরিয়ে একটু ভেবে বললেন - না ও বরং তোর এখানে আসুক। আমরা আগেই বেরিয়ে যাচ্ছি। মানিকতলা থানা হয়ে আমাদের যেতে হবে। তুই বরং ওকে নিয়ে পরে ওখানে আয়। ফোন করে বলে দে যে, শ্যামা ড্রাইভার এর মায়ের খারাপ সংবাদ এসেছে। তুই ওখানে যাবি। ও তোকে অ্যাকম্পানি করবে। (চলবে...)

Monday, August 24, 2020

শিল্প সাহিত্য ১২৪

শনিবার  ৩১শে শ্রাবণ ১৪২৭, ১৫ই আগষ্ট ২০২০


কবিতা


জিতেন্দ্র দাস জিতু

এসো গল্প শুনি

তুমি বলেছিলে একটি কবিতা শুনাতে
শুনে তো আমি অবাক
আমি কোথা পাবো কবিতা
কবিতা তো বড় বড় শব্দের আলিঙ্গনে
অনেক পড়–য়া কারো ড্রয়িংরুমের শেলফে
নয়তো শিয়রের আগে সুন্দর প্রচ্ছদে
দামী বাইন্ডিংয়ে বাঁধাই করা
সুন্দর বইয়ের অলঙ্কারে
আমি মুখ্য সুখ্য মানুষ
আবেগ বা অনুরাগ কিছুই নেই
রাক্ষসী অভাবের তাড়নায়
সব কিছু লন্ড ভন্ড স্মৃতি ভষ্মে
যেখানে প্রেম সেখানে কবিতা
ভালোবাসা আর প্রেমের মহুয়া রসে
কবিতার জন্ম হয় কবি-র মননে
এতো রসদ আমার নেই
কবিতায় গোলাপ ফুটাবো গালে
অথবা ঠোঁটে এঁকে দেবো ভরা চন্দ্রিমা
মেঘ কালো কেশে মেঘের রঙ দিতে দিতে
সবুজ তরুবীথি এখন ঝরা পাতার দলে
তার চেয়ে এসো, ভোরের স্নিগ্ধতায়
মেঘের গল্পে বৃষ্টির কান্না শুনাই


পার্থ সারথি চক্রবর্তী 

জীবন = দাবা

দাবার চাল চালতে চালতে মানুষ ভুলে যাচ্ছে, 
জীবনটা ৬৪ খোপের বোর্ড নয়।
সাদাকে যদিও বা সাদা বলা যায়, 
কালোকে কালো বলা অতটাও সহজ নয়।
হাতি, ঘোড়া, নৌকা, কোনটাই আমরা নই,
আর রাজা বা মন্ত্রী হওয়া আমাদের কম্ম নয়।
রয়ে যাই জীবনভর বোঁড়ে;
উড়ে যাই কখনো ঝড়ের তোড়ে, 
কখনো বা আগুনে শরীর পুড়ে! 
তাও রয়ে যাই সেই অভাগা বোঁড়ে।

জীবন পাত করে রাজা ও রাজ্যকে রক্ষা করি,
কি বা আসে যায়, যদি বেঘোরেই মরি!


বিপুল রায়

ঘুমঘোর

কাকে কবে কথা দিয়ে বসে আছি। যাকে দিয়েছিলাম সে মনে ধরে রেখেছে আমি কবে ভুলে গেছি। আজকাল অল্পতেই খুব ব্যস্তবাগীশ হয়ে পড়ি। খুব ভুল হয়ে যায়। 

Ñ দেখো তুমি যা বলছ তা ঠিক নয়। আমি কোনোকালেই লাইব্রেরী থেকে ‘ ঘুমঘোর’ নামে কোনো কবিতার বই তুলিনি। তুমি বলছ বই - এর পাতায় তোমার নাম আমি লিখে রেখেছিলাম? 
মিথ্যা। আমি কবিতা নয় টারজানের বই পড়তাম কিংবা স্বপনকুমারের ... কি যেন দীপক না কে যেন ডিটেকটিভ ছিল ...সহকারী রতনলাল...। 

কি বললে, ‘ঘুমঘোর’ বইটা আজো তুমি সযত্নে রেখে দিয়েছ? 
বড় বড় অক্ষরে আমার হাতের লেখায় - তোমার নাম? 
বইটা এনে দেখিও একবার। নিজের হাতের লেখা চিনতে পারব হয়ত। 
‘ঘুমঘোর’ কবিতার বইটা নিয়ে এসে সত্যি সত্যি একদিন সে আমার সামনে মেলে ধরল। সত্যি সত্যি একটা নাম লেখা। সত্যি সত্যি সেই নামটা তার, তার, তার। 
সেই কবে তাকে কথা দিয়েছিলাম - আমি সব ভুলে বসে আছি। 


পারমিতা চ্যাটার্জি 

শ্রাবণ যাবে চলে

শ্রাবণ এবার যাবে চলে
আসবে ভাদর রিমিকিঝিমিকি ধারায়।
এবারও শ্রাবণ যাচ্ছে চলে
আমার তরী আটকে ছিলো
নীল যমুনার মোহনায়,
তোমার কাছে আমার তাই হলো না যাওয়া,
এই শ্রাবণও কাটিয়ে দিলাম শুধু অপেক্ষায়,
হলো না যাওয়া।
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো,
মনের দুক‚ল ছাপিয়ে গেলো
দাঁড়িয়ে ছিলাম সেই তিমিরেই
বলা হলো না,
তোমার কাছে এই শ্রাবণেও যাওয়া হলো না।
কখন যেনো ধূসর আকাশ মনকে ফেলে ছেয়ে,
জীবন নদীর দুপার যেনো আপনি গেছে ক্ষয়ে,
তাইতো ঘাটে আটকে গেলো, তরীখানি আর বাওয়া হলো না,
এই শ্রাবণও কাটলো একা তোমার সাথে মনকে আমার ভেজানো গেলোনা,
তোমার কাছে কেনো যে আর যাওয়া হলো না! 
পথ যে আমার আটকে দিলো শূন্য পথের ধূলি,
ভৈরবীর সুরটাও তাই কখন গেলাম ভুলি,
সন্ধ্যা রাগে ইমন বাজে, নদীর জলে চাঁদের ঝিলিমিলি,
পথাটা কখন গেলাম ভুলে
নতুন পথের দেখা পেলামনা,
তোমার সাথে এই শ্রাবণেও দেখা হলো না।।


ধারাবাহিক গল্প


সোনার বালা গায়েব রহস্য

প্রণব কুমার চক্রবর্তী

আট
      - স্যার? একটা কথা জিজ্ঞাসা করব?
      শেখর বড় বাবুর চেম্বারে ঢুকে জিজ্ঞাসা করতেই, জগদানন্দ মুখার্জি বললেন ইয়েস। সুদাম সেনের কেসের তদন্তের ব্যাপারে একটা কেন, আপনি আমাকে হাজারটা প্রশ্ন করতে পারেন।
এন্ড আই এম বাউন্ড টু গিভ ইউ দা অ্যান্সার।
      - স্যার? ডায়মন্ড হারবারের মর্গে সেদিন, আপনি কি কাউকে কোন চিরকুট লিখে পাঠিয়েছিলেন মাল বাবুর কাছে - কিছু দিয়ে দেওয়ার জন্য?
      বড় বাবুর এন্ডোর্সমেন্ট মত মালখানার দায়িত্ব নিয়ে শেখর মিত্র মালখানার রেজিস্টার এবং কাগজপত্র গুলো খুঁজতে খুঁজতে ওর ভিতরে রেখে দেওয়া বড়বাবুর নিজের হাতের লেখা একটা ছোট্ট চিরকুট খুঁজে পায়। সেটা বের করে ভালো করে পড়ে দেখে, ওটাতে লেখা আছে - সেনবাবু? পত্রবাহকের হাতে বাড়ির চাবি গোছা গুলো দিয়ে দেবেন। জে, মুখার্জি, বড়বাবু।
      ইয়েস! মনে হচ্ছে - এই চিঠিটাই এই রহস্যের মূল চাবিকাঠি! 
      - হ্যাঁ। শেখর এর হাত থেকে চিরকুটটা নিয়ে দেখে, বড়বাবু বলেন - ঐদিন নিরঞ্জন বাবু এসে আমাকে সিআইএ এবং এসডিপিও সাহেবের সামনে ডায়মন্ড হারবার মর্গে বলেছিলেন ওর বন্ধু রায় চৌধুরীদের বাড়ির চাবির গোছাটা ফেরত দেওয়ার জন্য। ওটা না হলে উনারা কেউ সিংহী পার্কের ওই বাড়িতে ঢুকতে পারবে না। আমি উনার হাতেই এই চিরকুট লিখে বলেছিলাম বাঁকির মোড় গিয়ে মালবাবুর সাথে দেখা করে চাবি গুলো নিয়ে নিতে। উনি নিশ্চয়ই গিয়ে নিয়েছিলেন। না হলে তো ওদের কথা মতোই বাড়িতে ঢুকতে পারত না। 
      - রাইট স্যার। শেখর বারকয়েক টেবিলের উপর টুকা মেরে নিজের মনেই বলে ওঠে - মনে হচ্ছে এই ব্যাপারটার মধ্যেই আসল রহস্য লুকিয়ে আছে! আচ্ছা স্যার, প্রত্যেকটা বালাতে কত ভরি করে সোনা ছিল? পাঁচ ভরি করে? তার মানে, পাঁচ ইন্টু তিন ইকুয়াল টু পনেরো ভরি!  অনেকটাই সোনা। ফট করে গোবর্ধন স্বর্ণকারকে ফোন করে
জিজ্ঞাসা করে - সোনার ভরির তোর এখন কি চলছে? উপর থেকে উত্তর শুনেই শেখর মিত্র আঁতকে  উঠে বলে - মাই গড! এ তো বিরাট অ্যামাউন্ট! প্রায় তিন লাখ টাকা!
      বড়বাবুর মৌখিক আশ্বাস পেয়ে শেখর ব্যাপারটার রহস্য ভেদে তৎপর হয়ে উঠল নতুন করে সবাইকে জিজ্ঞাসা করে, তাদের সাক্ষ্য- বয়ান নথিভ‚ক্ত করে এগুলো শুরু করলো। ঘটনাস্থলের আশেপাশের দোকানদার এবং লোকজনের সাক্ষ্য থেকে একটা জিনিস ক্রমশ পরিষ্কার হয়েছিল যে, ঘটনার দিন বেলা সাড়ে তিনটে চারটে নাগাদ ডায়মন্ড হারবার এর দিক থেকে একটা কালো রঙের প্রাইভেট কার এসে
ঘটনাস্থলেই মাল বাবুর সাথে দেখা করেছিল। কেন দেখা করেছিল সে ব্যাপারে ওরা কেউ কিছু বিশদ ভাবে বলতে পারেনি। তবে ওই গাড়িটা যে কিছুক্ষণ বাদেই আবার ফিরে গিয়েছিল ডায়মন্ড হারবারের দিকেই সেটা অবশ্য ওদের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছিল। সেদিন বিকেলে ওই প্রাইভেটে ড্রাইভার ছাড়াও আরো একজন লোক বসেছিল। তবে, তারা কেমন দেখতে, কী ধরনের পোশাক পড়েছিল, কিংবা মাল বাবুর সাথে ওদের কি কথাবার্তা হয়েছিল, সেসব বলতে পারেনি।
      তবে কি যেটা দিবাকর রায় চৌধুরীর ওই বন্ধু রঞ্জন দত্তের কাজ!
      সুমন নিজেই নিজের প্রশ্নের কোন উত্তর খুঁজে পাচ্ছিল না। কিন্তু, সেটা বললে তো হবেনা। এর ভিতরেই তো যাবতীয় প্রশ্নের উত্তর আছে। এটাই রহস্য। এই রহস্যটাই তো উদঘটন করতে হবে। রঞ্জন দত্ত তো একজন পুলিশ অফিসার! ও যদি এই কাজে জড়িত থেকে থাকেন, তাহলে সেদিন ডায়মন্ড হরবার মর্গেকি ছুতেই নিজেকে অমন ভাবে ওপেন করতেন না, বা পরে দিবাকর বাবুর সাথে থানায় এসে মালবাবুর মুখোমুখি দাঁড়াতেন না। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। তাছাড়া রঞ্জনবাবু দিবাকর বাবুর বাড়ির একজন ফ্যামিলি ফ্রেন্ড। ওর দ্বারাই কাজ, শেখর কেন  যেন ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছে না। নির্ঘাত, রঞ্জনবাবু সেদিন বড়বাবুর চিঠিটা নিয়ে চাবির গোছা গুলো আনতে নিজে না গিয়ে অন্য কাউকে পাঠিয়ে ছিলেন! কে সেই লোক!
      সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ! (চলবে...)

Wednesday, August 19, 2020

শিল্প সাহিত্য ১২৩

শুক্রবার  ৩০শে শ্রাবণ ১৪২৭, ১৪ই আগষ্ট ২০২০


ছোটগল্প

টান

রওশন রুবী


গাজিপুর চৌরাস্তা থেকে একটা পিকাপে গাদাগাদি করে বসে বাইশজন মানুষ। সবার মুখে মাক্স। প্রচন্ড গরমে অতিষ্ঠ সবাই। হা-হুতাস করছেন কেউ কেউ। মানুষ ছুটছে এই মহামারিতেও নাড়ির টানে। ছুটছে মনির হোসেন। তার হাতে মামনি শপিং কম্পেক্সের বড় একটি ব্যাগ। তাতে তার একটা জামা একটা প্যান্ট, পাঁচ বছরের মেয়ে লাইসার একটা ফ্রক, বউয়ের জন্য লিপিস্টিক আর চুড়ি। মায়ের জন্য একটা শাড়ি। ছোট বোনের জন্য একজোড়া জুতো। আর সবার জন্য একটি করে মাস্ক।


মনির বাড়ি যেতে চায়নি। কিন্তু ভোর রাতে ছোট বোন ফোন দিয়ে বলল,

-ভাইয়া তোকে কতদিন দেখিনি। আয় না  ঈদের ছুটিতে। 

মা ওকে ধমক দিয়েছিল, “আসতে লাগবো না। করোনা মানুষ সাফ করতাছে। হে এহন আইলে পথে-ঘাটে আক্রান্ত হইবার পারে। থাক, থাক করোনা দূর হোক।


মনির ভোররাত থেকে আশা ছেড়ে দিয়ে লম্বা ঘুম দিয়েছে। ফোনের রিং টোনে তার ঘন ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো ঘোলা চোখে স্কিনে দেখল আমেনার নাম। ধড়ফড়িয়ে উঠলো বুক। আমেনার কাজল লেপ্টানো হরিণের মতো চোখ, ধনুকের মতো নাক, নৌকার গলুয়ের মতো ঠোঁট ভেসে উঠলো। আমেনার হৃদয় হরণ করা বৃষ্টির ধারার মতো হাসি কানে ঝঙ্কার তুলছে। 

-হ্যালো আমু! কেমন আছো?    

বলতে বলতে মনির হোসেন টের পায় উত্তেজনায় তার গলা বন্ধ হয়ে আসে। ওপ্রান্ত থেকে আমেনা বলে,

-জোরে বল। কিছু বুঝবার পারতাছি না। হাসের মতো ফ্যাসফ্যাস করতাছো ক্যা? গলায় ব্যথা করতাছে?


-আরে নারে পাগলি। তোর ফোন আইলেই আমার শরীর গরম হইয়া উডে। আর গলা বন্ধ হইয়া যায়। 

মনির কথাটি বলে আমেনাকে একটা চুমু দেয়। আমেনা ওপ্রান্তে লজ্জায় লাল হয়ে বলে,

-লাজ-টাজ সবই ধুয়ে ফেলছো দেহি।

-তা হইব কেনরে বউ। আইজ ঘরে কেউ নাই। সবাই নাড়ির টানে ছুইটা গেছে যে যার বাড়িত।

-তোমার কাছে নয় কেউ নাই, আমার কাছে মাইয়া আছে। পাগল একটা তুমি।

-হো হো হো। হাসাইলা সোনাই। কও এই সাত-সকালে ক্যান ফোন দিছো? আর তো কোনদিন এমুন সকালে ফোন কর নাই।

কথাগুলো বলে মনির উত্তরের অপেক্ষা করে। আমেনা গাল ফুলিয়ে অভিমানের স্বরে বলে,

-বাড়ি আইবা না তুমি? সেফু বলছে মা নাকি তোমারে মানা করছে? 

-হ’ করছে তো। তুমি কী চাও?

-তোমার লগের বেবাকতের নাড়ির লাইগা টান আছে। বেবাকতে চইলে গেছে তাগো পরিবারের কাছে। তুমি ক্যান রয়ে গেলা? আমারে আর মনে লয় না? সে না হয় নাই লইল তোমার মাইয়ারেও দেখবার চাও না?

কথা শেষ করে ফুঁফিয়ে উঠে আমেনা।


-আরে কি করতাছো, কি বলতাছো হিসাব আছে? তোমাগোর কাছে যাবো বইলাই তোমাগো সবার লইগা জিনিস-পত্র কিনছি। এখন মা বলল যাইতে না।

মনির হোসেন কৈফিয়তের ভঙিতে কথাগুলো বলে থামে। (পরের পৃষ্ঠায়...)


ওপ্রান্তে নাক টানার শব্দ। মনির হোসেনের অস্থির লাগে। এসময় ফোনে মনির হোসেন মেয়ে লাইসার কণ্ঠ শুনতে পায়। 


-হ্যালো বাবা! তুমি কবে আইবা? বল না বাবা? বল না কবে আইবা?

লাইসা থেকে ফোন নিয়ে আমেনা বলে,

-আচ্ছা আইতে অইবো না। ভালা থাইকো।

মনির হোসেন কিছু বলার আগেই আমেনা ফোন কেটে দিল। তারপর যতবার ফোন দিয়েছে মনির হোসেন ফোন বন্ধই পেয়েছে। মানে আমেনা অভিমানে ফোন বন্ধ করে দিয়েছে। মনির হোসেন তড়িগড়ি বিছানা-পত্র গুছিয়ে বেরিয়ে পড়ল।


এয়ারপোর্ট এসে যাত্রাবড়ি যাবার জন্য একটা অটোরিক্সা ভাড়া করল তিনশো টাকায়। পথে রিক্সাওয়ালা অনুনয় করলো আরো দু’জন পেসিঞ্জার নেবে। এতে মনির হোসেনকে পঞ্চাশ টাকা কম দিলেও হবে। তবে চুপ থাকতে হবে। মনির হোসেন ভাবল পঞ্চাশ টাকা বাঁচলে মন্দ হয় না। মেয়ের জন্য একটা আইসক্রিম নেওয়া যাবে। লাইসা আইসক্রিমের ভক্ত। মনিরসহ রিক্সাওয়ালা ও অন্য দু’জন মাস্ক পরা। তাই একটু স¦স্থির নিঃশ^াস ফেলে মনির।


যাত্রাবাড়ি নেমে আবার একটি পিকাপে উঠলো সোঁনারগাঁয়ে যেতে। মানুষের উপর যেন মানুষ বসে আছে এমন ভিড়। নড়বার উপায় নেই। মনিরের একবার মনে হলো কিছু লোক কাত হয়েও বসে রয়েছে। পিকাপে তিল ধরবার জায়গাও নেই। তবে একটা ভালো দিক মাস্ক ছাড়া কেউ নেই এখানেও। গরমের তীব্রতায় মনিরের দম বেরিয়ে যাবার জোগাড়। সে মাক্স ফাঁক করে দম নেয়। মানুষের গরম আর প্রকৃতির গরম মিশে কেমন ভ্যাপসা গন্ধ বেরুচ্ছে। তিন চার জন লোক চিৎকার করে উঠল,

-এই মাস্ক খুলছেন কেন? মাস্ক ঠিক করেন! ঠিক করেন!


মনির তাড়াতাড়ি মাস্কটিকে ঠিক করে নিল। করোনা কালের রাস্তা পারাপারের যুদ্ধ শেষে মনির যখন বাড়ি পৌঁছালো তখন শেষ বিকেল। ওকে দেখে সবাই অবাক আমেনা ছাড়া। আমেনা মনিরের চোখে চোখ রেখে রহস্যময় হাসে। লাইসা দৌড়ে এসে আব্বু আব্বু বলে মনিরকে জড়িয়ে ধরে। মনির চুমোয় চুমোয় মেয়েকে ভরিয়ে দেয়।


সেফু ভাইয়াকে এতোদিন পরে পেয়ে আবেগে আপ্লুত। হাসি আর কান্না মিশ্রিত কণ্ঠে ভাইয়া ভাইয়া বলে মনিরের কোল ঘেঁষে বসে। মনিরের মা ভেজা চোখে ছেলের দিকে তাকিয়ে আসরের নামাজ পড়তে চলে যান। মনির সবার জন্য নিয়ে আসা জিনিসগুলো সবাইকে বুঝিয়ে দেয়। 


ঈদের দিন থেকে গলা ব্যথা মনির হোসেনের। পরদিন থেকে জ¦র আর জ¦র। জ¦রে ভুগছে ছোট্ট লাইসাও। ও জ¦রের তোড়ে অস্থির হয়ে উঠছে। নিরুপায় আমেনা সারারাত সারাদিন বসে বসে ওদের মাথা পানি দেওয়া, গা মোছার কাজ করে যাচ্ছে। সেফু বাজারের ঔষধের দোকান থেকে জ¦র গলা ব্যথার ঔষধ নিয়ে এসেছে দু’জনার জন্য। চারদিনের মাথায় আমেনাও অসুস্থ হয়ে পড়ল। মনিরের মা আর বোন সেফা দেখা-শুনা করছে। চেয়ারম্যানের লোক এসে ওদের করোনা পরীক্ষা করতে নিয়ে গেল। দু’দিন পর জানা গেল ওরা কোভিড-১৯ পজেটিভ।


তাদের বাড়িসহ পাঁচ বাড়ি লকডাউন করা হলো। হঠাৎ মনিরের মায়ের বমি আর শরীর ব্যথা সাথে ডায়েরিয়া শুরু হলো। ডায়েরিয়ার বেগ বেড়েই চলেছে। ডিপেন্সারির ঔষধে কাজ হচ্ছে না। সেফা মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালো। ওয়ার্ডের বেডে বেডে মাস্ক পরা রুগিরা রোগের সাথে যুদ্ধ করছে। সেফা মায়ের জন্য টেনশানে ভুলেই গেল ডাক্তারকে বলতে তার ভাই গাজিপুর থেকে এসেছে। ভাই এবং তার স্ত্রী, সন্তানের করোনা পজেটিভ।


ডায়েরিয়ায় ভুগে মনিরের মা মারা গেলেন। তারও করোনা পজেটিভ ধরা পড়েছে। মারা গেলো মনিরের একমাত্র মেয়েও। মনিরের বউ আমেনা বেগম আইসোলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। আছে মনিরও। মনির বা আমেনা শেষবার বিদায় দিতে পারেনি মা বা মেয়েকে। দূর থেকে দেখে জল বিসর্জিত করেছে সেফা। আইনের লোক সেফাকে ছুঁতে দেয়নি লাশগুলো। বরং তাকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দিয়েছে।


ধারাবাহিক গল্প

সোনার বালা গায়েব রহস্য

প্রণব কুমার চক্রবর্তী


সাত

      সোনার বালা গুলো কি মাল বাবু সত্যিই হাফিস করেছেন! নাকি অন্য কেউ!


      কয়েকদিন ধরেই শেখর মিত্র ব্যাপারটা নিয়ে সমানে ভেবে চলেছে। একবার ভেবেছিল এই ব্যাপারটা নিয়ে বড়বাবুর সাথে নিভৃতে বসে

একটু আলোচনা করবে। কিন্তু, সাহসে কুলায়নি।

নিজের মনেই চেষ্টা চালিয়ে গিয়েছে, আর সারাক্ষণ সুযোগের অপেক্ষায় থেকেছে।


      তিন-চার দিনের মধ্যেই সত্যি সত্যি সুযোগটা এসে গেল। হাসপাতালে জানিয়েছে, মাল বাবু আপাতত বেঁচে গেছেন। কিন্তু, একটা সাইট পড়ে গেছে। মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। কথাবার্তা ও ঠিক মতো গুছিয়ে বলতে পারছেন না। জড়িয়ে যাচ্ছে। এখনো অন্তত মাস কয়েক হাসপাতালে পড়ে থাকতে হবে।


      কি একটা বাজে কান্ড ঘটে গেল? বড়বাবু খবরটা পেয়ে বেশ মর্মাহত। বললেন - মিত্তির? আশাটা যদিও কম, তবুও বলছি - যতদিন না মাল বাবু ভালো হয়ে থানায় ফিরছেন, তোমাকেই ওই মাল খানাটা সামলাতে হবে। আমি অন্য কাউকে আর ওটা এনডোর্স করছি না। প্লিজ , অন্যথা করো না।

      - ঠিক আছে স্যার।

শেখর এই সুযোগটাই খুজছিল। অনুনয়ের সুরে বলল - স্যার? একটা কথা জিজ্ঞাসা করব?

      - কি কথা ?

      - আপনার এই ব্যাপারটায় কি মনে হয়?

      - কোন ব্যাপারে?

      - মালখানা থেকে মালগুলো উধাও হয়ে যাওয়ার ব্যাপারে। আপনি কি মনে করেন যে, মাল বাবুই ওই বালগুলো আত্মসাৎ করেছে? সেদিন ওর কথাবার্তা, চালচলন এবং উনার বডি ল্যাঙ্গুয়েজএর ক্ষেত্রে একবারের জন্য কি আপনার মনে হয়েছে যে, ভদ্রলোক এতোটুকু ক্রিমিনাল সাইকোসিসএ ভুগছিলেন? আমার তো স্যার মনে হচ্ছিল, উনি লজ্জা আর অপমানের হীনমন্যতায় একেবারে গুটিয়ে গিয়েছিলেন।


      শেখর এর কথা শুনে জগদানন্দ মুখার্জি চোখ দুটো বড় করে ওর দিকে তাকিয়ে ছিল। মুখে কোনো উত্তর দেননি। তবে চোখের ভাষায় বুঝাতে চেয়েছিলেন, এত প্রমাণএর পরেও কি কোন সন্দেহের অবকাশ থাকে?

    - স্যার? শেখর বুঝেছিল যে বড়বাবু ওর কথায় অসন্তুষ্ট হয়েছেন। নিজেকে গুটিয়ে নিয়ে বলেছিলÑ স্যার? আমি ঠিক আপনাকে ব্যাপারটা ওভাবে বলতে চাইনি। আমি আপনার অভিজ্ঞতার দৃষ্টিকোণের প্রেক্ষাপটে ব্যাপারটার মতামত জানতে চেয়েছিলাম। স্যার? আইনের বাইরেও তো অনেকটা জায়গা থাকে।

      - তা থাকে। বড় বাবু জানতে চেয়েছিলেনÑ হঠাৎ কেন এমন ধারণা হচ্ছে? মনে হচ্ছে কেস্টার ব্যাপারে সে খুবই ইন্টারেস্টেড?


      শেখর জানিয়েছিল যে, সে ওর পাশের কোয়াটারে থাকে। ওর ব্যক্তিগত এবং আধ্যাত্মিক জীবন সম্পর্কে অনেক কিছুই জানে। বেচারা অত্যন্ত শুচিবাই গ্রস্থ চরিত্রের লোক। সকাল সন্ধ্য পুজো আহ্নিক না করে, ভদ্রলোক জল পর্যন্ত স্পর্শ করেন না। শীতকালেও ডেড বডি সংক্রান্ত কোন কিসের তদন্ত গেলে যত রাত্রি হোক না কেন, বাড়ি ফিরে স্নান না করে ঘরে ঢুকে না। এই কেসের ব্যাপারেও সেই দিন রাত্রে যে স্নান করে পুজো আহ্নিক করেছিলেন, সেটা আমি নিজেই জানি। আমার স্থির বিশ্বাস, সেদিনের ঐ মালপত্র ভর্তি কাল ভ্যানিটি ব্যাগটা মাল বাবু নিজে হাতে করে থানায় নিয়ে আনেননি।


      - ব্যাট মাইট বি! বড়বাবু হেসে বলেন - তাতে তো আর সেনবাবুকে বাঁচানো যাবে না। মনে হচ্ছে আপনি এই কেসটার ব্যাপারে খুব উৎসাহী? দেখুন না চেষ্টা করে, কিছু করতে পারেন কিনা? (চলবে...)

Tuesday, August 18, 2020

শিল্প সাহিত্য ১২২

বৃহস্পতিবার  ২৯শে শ্রাবণ ১৪২৭, ১৩ই আগষ্ট ২০২০


কবিতা

সিদ্ধার্থ সিংহ

গঙ্গার ঘাটটা যেন কোন দিকে!


যাকে পেতে হত্যে দিয়েছিলাম মা পরমেশ্বরীর দোরে
আসতে দেরি করলে মনসা গাছের গায়ে গায়ে
খেঁজুর কাঁটায় লিখতাম যার নাম
যার গালের ছিট-ছিট দাগ একেবারে মিলিয়ে দিতে
ট্রামে বাসেও পড়তাম একের পর এক কবিরাজি বই

এখন দেখি তার চলন বদলাচ্ছে
চাহনি সরে যাচ্ছে এদিক ওদিক
কথায় কথায় উলটাচ্ছে ঠোট

টোপরের মোড়কে ধুলো জমবে এই-ই বুঝি হয়!

গঙ্গার ঘাটটা যেন কোন দিকে!


অরুণ কুমার সরকার

অসহায় সময়


তুমি কেমন আছো জানতে চাইবার আজ মানুষ
কই;
অথচ, চারিদিকে হাজারো মানুষ
জনবিস্ফোরণ...
যেন রক্ত মাংসের যন্ত্র সব

আত্মচিন্তায় কুশল বিনিময় কথাটাই যেন আজ
অবলুপ্তির পথে;
অভিধানের পাতা ওল্টাতে ওল্টাতে আমরা
হয়তো নিরাস হবো
                     একদিন;
হয়তো গবেষণা হবে...

অসহিষ্ণু সমাজের বুকে কেবল
ঘোড়দৌড়;
ফুরসৎহীন যাপনের পলে পলে অবিরাম প্রতিযোগিতা
কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো একান্নবর্তী
উঠোন

অসহায় সময়
একাকীত্ব কুঁড়ে খায় শৈশব
আর বুঝি নিরাপদ নয় মায়ের আঁচল
ছায়া;
সেখানেও দাঁত বের করে আছে
নিষ্ঠুর সুচ...


শুভঙ্কর রায় 

ফয়সালা


যুগান্তর ধরে
নিয়তির মতো ...
মৃত্যুর মতো ...
আত্মপরিচয়হীন প্রতিবন্ধী
ভাঙা পাতকুয়োয় পড়ে থাকে,
ভবিষ্যতেও থাকবে হয়তো।
তথাকথিত নিচুতলার জীবন...
অনাবশ্যক ক্ষত।

একটি বিষয় লক্ষণীয় ...
জ্যান্ত ভদ্রলোক ভাবার প্রয়োাজন নেই।
দৈনন্দিন জীবন চললেই হল।
আশ্চর্য জ্ঞান।

প্রসঙ্গত সকলেই জানেন...
সমস্তটাই প্রাকৃতিক দুর্যোগের মত
শেষমেষ নির্বোধ চিৎকার,
ফয়সালা হয়ে গেল প্রথম দফায়।
ফল দাঁড়ালো ...
কান চোখ মুখ বন্ধ রাখা প্রয়োজন।


শুভায়ু দে

সব বোঝানো যায় না


এ ভাবে বর্ণনা করা যায়না হাসিমুখ।
হতেই পারে ঘুমের মধ্যে ঈশ্বরকে জন্ম দিতে গিয়ে
প্রাণ ভরে হেসে গেছি কোটি কোটি বছর।
জেগে থাকা মানুষেরা ভাবতে পারে আমায় পাগল।
পরমুহুর্তেই নিজের প্রিয় বন্ধুর সর্বনাশ করে
হাহাহাহা করে হেসে গেছি রাতভোর।
হতেই পারে।
একটা সত্ত্বা নাকি!
বন্ধুত্ব শুধু সত্ত্বার হয়, মুহুর্তের হয়।
দীর্ঘস্থায়ী হতে পারে,যদি মুহুর্ত গুলোকে ফ্রেমলক করে দাও।
রিপিটেশনের পর রিপিটেশন।
কালো থাকা অপরাধ নয়।
প্রজাপতি কেই দেখো।
সাদা-কালো মিক্সচার।
তুমি তো তাকে দেখেই সুন্দর বলে ক্যামেরাবন্দী করো।
মস্তিষ্ক জঘন্য না হলে সুন্দরের বিচার করা যায়না।
আমি নিজেই সুন্দর হলে, বিচার করবো কি করে।


ধারাবাহিক গল্প

সোনার বালা গায়েব রহস্য

প্রণব কুমার চক্রবর্তী


ছয়
      - যাক বাবা! আপনি আমাদের একটা বিরাট ঝামেলার হাত থেকে বাঁচা যায়।
      সুদাম সেনকে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পরে সাহেবরাও দিবাকর বাবু কে ধন্যবাদ জানিয়ে থানা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু, দাঁড়িয়ে বড়বাবুর উদ্দেশ্যে বললেন- লেট, সেনবাবু ইজ রিটার্ন ফ্রম হসপিটাল, তারপর ওর বিরুদ্ধে কেস-টেস যা করার করা যাবে।
      - সে কি! এটা কি করে সম্ভব! বড়বাবু রীতিমত বিস্মিত হয়ে বললেন - খেঁপেছেন স্যার! 
এখন যদি কোন কেস না করেন, সেনবাবু যদি হাসপাতালে মারা যান, কি হবে ভেবে দেখেছেন?
আমাদের কি হালটা হবে? প্রেস মিডিয়া তো ছিড়ে খাবেই, ওর বাড়ির লোকেরাও ছেড়ে কথা বলবে না। বাংলাদের বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা ঠুকে দেবে। কোন কেফিয়াত বা উত্তর দেওয়ার মতো কিছুই কিন্তু আমাদের কিছু থাকবে না।
      - অত টিমিড হলে মশাই থানা-ফাঁড়িতে চাকরি করা যায় না। গাড়িতে উঠে বললেন- আপনি আপনি যা ভাল বোঝেন, সেটাই করুন ।
      সাহেবরা চলে যাওয়ার পরে বড়বাবু দিবাকর বাবু এবং তার বন্ধুর উদ্দেশ্যে বলেন- আপনাদের আর ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। কিন্তু, আমি খুব দুঃখিত যে, আপনাদের কাজটা করে দিতে পারলাম না। আপনাদের হাতে মাল গুলো সব বুঝিয়ে দিতে পারলে আমার যেমন ভালো লাগতো, তেমনি আপনাদেরও আর ঝামেলা থাকতো না।
      - আবার কিসের ঝামেলা?
      দিবাকর বাবু একে শকে জর্জরিত, তার উপরে ব্যবসায়ী মানুষ, ঝামেলার কথা শুন, হাতজোড় করে বলে উঠলেন- প্লিজ বড়বাবু, আমাকে আর কোন ঝামেলায় ফেলবেন না। আমার সব শেষ হয়ে গেছে, এখানে মানে কলকাতায় আর আমার থাকার একমহূর্তও ইচ্ছে নেই। সব ছেড়েছুড়ে দিয়ে কাশি কিংবা হরিদ্বারে চলে যাব। যা করতে হয় আজি আমাকে দিয়ে করিয়ে নিন।
      - তাই হয় নাকি? বন্ধুর অঞ্জন দত্ত দিবাকর বাবু কে থামিয়ে বলে ওঠেন- থাম তো তুই। সবকিছুর একটা আইন হোম সিস্টেম তো আছে। এনারা তো আর সেসব আয়নার সিস্টেমের বাইরে যেতে পারবেন না।
      বড় জগদানন্দ মুখার্জি এই সুযোগে দিবাকর বাবুকে সোনার বালা হাপিসের ব্যাপারে একটা অভিযোগ লিখে দেওয়ার কথা বলে কাগজ এবং কোন ওনার দিকে এগিয়ে ধরলেন।
      - অভিযোগ! কেন? 
      ওর বন্ধু রঞ্জন দত্ত ব্যাপারটাকে সমর্থন করে বলেন- ইয়েস। একটা অভিযোগ তো তোকে দিতেই হবে। না হলে, এনারা ওই মালবাবু সুদাম সেনের বিরুদ্ধে আইনত একশন নেবেন কিভাবে?
ব্যাপারটা তো তোকে বুঝতে হবে। এটা একটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট রেড উইথ ক্রিমিনাল মিস-অ্যাপ্রপ্রিয়েশন কেস। সাজা অবধারিত।
      দিবাকর বাবু হা করে বন্ধুর বক্তব্য শুনছিলেন।
      - ঠিক বলছেন উনি। বড়বাবু বলেন- মাল বাবু অসুস্থ হয়ে না পড়লে তো সব ঝামেলা আজই মিটে যেত। সেটা যখন হলোনা, তখন সাহেবদের কথামত অন্তত আপনার অভিযোগটা নিয়ে কেসটা আজ রুজু করে রাখি। পরে ও ফিরে আসলে, আপনাদের দিকে মালগুলো ফেরাবার ব্যবস্থা করে দেব।
      - ওসব অভিযোগ আমি করতে পারবোনা। দিবাকর বাবু গম্ভীর স্বরে বলেন - একচুয়ালি, আমি এসব করার জন্য আসিনি। এসেছিলাম, শুধুমাত্র মা, বউ এবং শলিকার স্মৃতি হিসাবে মাল গুলো ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ওইসব সোনার বালা চুরি গলার নেকলেস আমার কাছে মূল্যহীন। এখন কেন যেন মনে হচ্ছে আমি নিজেই এই ঘটনার জন্য সম্পূর্ণ ভাবে দায়ী। ব্যবসার কাজে ব্যস্ত না হয়ে সেদিন যদি আমি ওদের সাথে এই সফরে বেরিয়ে পড়তাম, তাহলে আমারও তো আজ ওদের মতই হতো। তখন খেয়ে নিতে আসছে এই সব? সব অভিযোগ তভিযোগ আমার দ্বারা হবে না।
      - কিন্তু...
      বড়বাবু এবং ওর বন্ধু রঞ্জন দত্ত কিছু বলতে চাইছিলেন, কিন্তু দিবাকর বাবু নিজের মত বলে চলেন - লোকটা বাঁচবে কি মরবে, কে জানে! বাঁচলেও, সে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবে কিনা, কে জানে? না, এটা মোটেই ঠিক হচ্ছে না। ফালতু! দিবাকর রায়চৌধুরী বন্ধু রঞ্জন দত্তের দিকে তাকিয়ে হঠাৎ উত্তেজিত হয়ে বললেন - এসব যত গন্ডগোল এর মূলে হোলি তুই। তুই না নিয়ে এলে, আমি তো আর এখানে আসতাম না।
আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে এখানে আসতে বাধ্য করলি। যাকগে, আমি ওসব কোন অভিযোগ দিতে পারব না। উল্টো, আমি লিখে দিয়ে যাচ্ছি - সব মাল বুঝে পেয়েছি। আমার কোন অভিযোগ নেই। প্লিজ, আমাকে রেহাই দিন। (চলবে...)

Sunday, August 16, 2020

শিল্প সাহিত্য ১২১

 

বুধবার  ২৮শে শ্রাবণ ১৪২৭, ১২ই আগষ্ট ২০২০


কবিতা

নীলিম জামান

প্রশ্নগুলোও অবহেলার


তোমার দেওয়া কিছু কথা আছে কষ্টের,

কিছু স্মৃতি আছে দুঃখের,

কিছু না পাওয়া আছে একজনমের।

তারপরও সেই তোমাতেই

এই আমিটাকে নিত্যই করি সমর্পণ।

এই আমিটার আমিত্বকেই দেই বিসর্জন।

আর আমার সবটুকু পেয়ে

তুমি হয়ে ওঠো ভীষণ অহংকারী।

তুমি হয়ে ওঠো

রাজ্যলোপাটকারী এক দাম্ভিক রাজা।

আর আমি তোমাতেই সবকিছু খুইয়ে

অবশেষে নতজানু, নতশির।

আমার কত যে প্রশ্ন থাকে তোমার কাছে,

কত কী জানার, কত কী পাওয়ার,

কত অধিকার ভালোবাসার,

আজ সবই ভেসে যায় বানের জলে।

হঠাৎ এই আমাকে হারালে

তখনও কি তুমি তেমনই রবে? দাম্ভিক?

তখনও কি সেই হারানো আমিটার বুকে

দেয়াল গড়ে দাঁড়িয়ে থাকবে

ওপারের অহমিকার নিজ বাসভ‚মে?

তখনও কি সেই কঠিন সারল্যে

রয়ে যাবে নিরুত্তর, নিরুত্তাপ? জানি-

প্রশ্নগুলোও আমার নিতান্তই অবহেলার।


শুভ্রা কোনার

বরিষণ


একটা স্মৃতিভেজা বৃষ্টিপথ-

ঝাপসা হয়ে থাক অপূর্ণ চাওয়া।

মুসলধারায় সিক্ত খোঁজে-

হিমেল হাওয়ায় হারিয়ে যাওয়া।

ভেজা মাটির মিষ্টি গন্ধে-

নিবিড় সম্পর্ক শূন্যতার অনুভব।

সারে সারে সাজানো কদম গাছ-

বৈচিত্র্য মাখা অন্তরের আস্বাদ।

ইচ্ছেরা সব আনাচে-কানাচে চুটে চলে-

ক্ষীণ আলোকে দেখা যায় কিছু আশা।

হাজার প্রতিবন্ধকতার মধ্যেও-

তুমি-আমি দাঁড়িয়ে আছি এক হয়ে।

জ্বালিয়ে আলো খেয়া দেবো-

আত্মকলহ ভরা সমাজ ঠেলে-

ঝিরিঝিরি বৃষ্টিপথে।।


হরিৎ বন্দ্যোপাধ্যায়

মাটির দিনের গল্প


এইমুহূর্তে পৃথিবীর কোনো স্কুলে

মাটির দিনের গল্প হচ্ছে

ঘরের যত আরশোলা মাছি

দমবন্ধের পরিবেশের সমীকরণে

পা মেলাতে কেমন যেন অস্থির হয়ে ওঠে

জানলা দরজা বন্ধ হয়ে গেলে

মাটির দিনে বন্যা নামে

আজকের অপলকা পায়ের পৃথিবী

বন্যার জলে গুলে যায়

কেউ একজন হাত তুলতে নদী বাঁক নেয়


দাদুর গল্পের চরিত্ররা

মাটির দিনের গল্পে হেঁটে যায়

অনেকেরই মনে পড়ে যায়

কেউ যেন তাদের গল্পে 

এইসব লোকেদের ঘর বানিয়ে দিয়েছিল

ডাকলেই তারা ফিরে চাইবে

কিন্তু কি হবে তাদের ডাকনাম ---

এসব ভাবতে ভাবতে তারা 

আরও অনেকটা এগিয়ে যায়

কেউ কেউ অন্য মুখে 

অন্য গল্পের ঘরে ঢুকে পড়ে


আগুন ডাকতে জানে না বলে

পৃথিবীতে অন্ধকার নামে।


সাজু কবীর

কবি, ভেজাও বৃষ্টি এবার


বর্ষা,

এত কেঁদে

কত সুখ পাও!

কলমি, কদম, কেয়া

দূরদেশে ভাসিয়েছে নাও!

ওই জলভেজা--- জ্বরে পল্লীবধূ

চেটেপুটে খায় তাকে বিরহের মধু

ভেলায় কাটায় বেলা বানভাসি মধু-মালা

সেই জল ভেঙ্গেছে কপাল, ক্ষেতসব নদী-নালা।

এ কেমন সুখ? ঝড়ে ঘর পড়ে, পড়ে ফলভরা গাছ

ভেসে যায় গোরু, সীমান্ত পেরিয়ে ভিনদেশে মাছ

প্রেয়সী পিছলে মরে, মোরগেরা গাছের উপর

অভাগার ঘর দোরে, হায়! সাপের বাসর!

লাগাতর ঝড়ে কবি--- মন আনমনা

শব্দরা ভিজে, ভিজে যায় কল্পনা

কবি, ভেজাও বৃষ্টি এবার

 দুঃখ ঝড়াও দুর্বার!

বুঝুক আকাশ

কাব্য কাকে

বলে।


মীর সাহাবুদ্দীন 

পড়তে বসলে আমার চোখ দুইটা নদী হয়ে যেত


বাবা আমায়  পড়াতে বসালে আমার চোখ দুইটা নদী হয়ে যেত

মা বলতেন পড়া লেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে 

তলে তলে কয়েকজন গাড়ি চালক কে জিজ্ঞেস করেছিলাম কতদূর পড়েছেন।

বলেছিল থ্রী ফোর তখন আমি ফাইভে বৃত্তি দিয়েছি।

দাদু বলতো এই বিল্ডিং গুলোর মালিক ইংরেজিতে কথা বলে বিদেশ আসে যায় অনেক শিক্ষিত 

বাড়িতে সকাল হলে আসে শার্ট কোট বেল্ট পড়া ভদ্র লোকটাকে প্রশ্ন করেছিলাম আপনার কাজ কি?

বলেছিল স্যারকে পড়িয়ে শোনা ও লিখা 

না জেনেই বলেছিলাম স্যার কি পড়তে জানেনা।

রাত গভীর হলে নদী দুইটা সমুদ্র হইতো ঝর্ণা হইতো গড়িয়ে গড়িয়ে পানি পড়তো।

বাংলা বইয়ের ভাব সম্প্রসারণ সারাংশ সার মর্ম আর মুখাস্ত কবিতা গুলো বিস্তারিত চলে আসতো। মানুষ কেন পড়ে এত কিসের পড়া পড়তে পড়তে শেষ করে চাকুরি করে চুরি করে খুন করে। পড়া না জানা  ভাইয়ের সম্পদ কাড়ে

মানুষ কেন পড়ে।

আমার পড়তে বসলে চোখ দুইটা নদী হয়ে যেত

যা পড়েছি তা শুধু লালন করতে চেয়েছি পাঠ্য বই  ছাড়া মজার বই গুলো সব চেয়েছি

আকাশের সমান একটা লাইব্রেরী চেয়েছি। একপাশে বই আর একপাশে আমার জমানো গানের কাগজ পড়ে থাক মিউজিয়াম হয়ে।


মৃনাল কান্তি বিশ্বাস

কি জন্য দীর্ঘ সংগ্রাম?


এখানে -

    শ্রমার্থ শিশুর পেটের দহন

       সবখানে শোষণ আর অমানুষের কামার্ত থাবা!

          এখানে ওখানে - নেমেছে মৃত্যুর হাবিয়া।

সর্বত্রই -

শোষক, কামার্তদের বিষাক্ত দাঁতে ঝরছে নালা

রাতের বসনে লজ্জা ঢাকে ধর্ষিতা।


এ জন্যই কি

     সভ্যতার পথে হেঁটেছিল  মানুষ?

           এ জন্যই কি ছিল

                 দীর্ঘ সংগ্রাম ?

                       এ জন্যই কি

আধুনিকতার স্বপ্ন -বীজ বুনেছিল আদিম মানুষ!

এ জন্যই কি দুর্গম পথ চলা

এজন্যই কি ছিল এ দীর্ঘ যাত্রা?


এ জন্যই কি

     কোটি - কোটি বছর ধরে

         আদিম হিংস্রতার উৎস হতে

              ক্রমান্বয়ে...

                 উঠে এসেছে মানব সভ্যতা?


এ জন্যই কি

সভ্যতার পথে হেঁটেছিল মানুষ?

আগ্নেয়গিরির উদ্গিরনের প্রান্ত হতে

অথবাÑ

ডাইনোসর যুগ থেকে

হেঁটে - হেঁটে লক্ষ কোটি বছর পেরিয়ে

বৈপ্লবিক পাথর যুগের সুচনা করেছিল মানুষ!


পাহাড় ডিঙিয়ে

         অরণ্য দলিয়ে

               বন্ধুর আর মরুর তপ্ত পথ মাড়িয়ে

                       হিংস্রতা আর প্রকৃতির সাথে

                            অভিযোজনের মাঝ দিয়ে

                                    ক্রমাগত...

দীর্ঘ কোটি বছর

দীর্ঘ যাত্রায়

আধুনিক সভ্যতার এ কোন স্বর্ণ যুগে মানুষ!


এ জন্যই কি

      দীর্ঘ সংগ্রাম ছিল?

             এ জন্যই কি

                   অনার্য থেকে আর্য!

                        এ জন্যই কি

বিবর্তনের হাত ধরে

পরিবর্তন হতে... হতে...

এই সভ্যতার পথে হেঁটেছিল অনার্যরা?


হ্যাঁ, আমি--

  সেই অনার্যের বংশোদ্ভ‚ত

        আমি সেই বিবর্তনের জাতি

             আমি সেই- আদিমের বনমানুষ!


আমি স্বাক্ষ্য বহন করি আদিমের

        আমি স্বাক্ষ্য বহন করি সেই অনার্যের

              আমি স্বাক্ষ্য বহন করি বিবর্তনের

                   আমি স্বাক্ষ্য বহন করি

ডাইনোসর পরবর্তী

আজকের আধুনিক নামের নগ্ন সভ্যতার ।


চারিদিক সভ্যতার নামে গড়ে উঠেছে মৃত্যুপুরী

      কামনার দহনে পুড়ছে মানবতা

             এখানে খুন, ওখানে ধর্ষণ

             সর্বত্রই চলছে শোষণ, ব্যভিচারের মুক্ত রাজ ।

তার লেলিহান শিখায় পুড়ছে সভ্যতা

পুড়ছেÑ

       ঐ শহর,

             এই নগর,

                 এই জনপদ,

                       আর নষ্ট আধুনিকতা।


সভ্যতার এ কোন পৈশাচিক যুগে দাড়িয়ে?

      পৃথিবীটাকে বিলিয়ে দিয়েছি

             করোনার আবাস ভ‚মি করে।

চতুর্দিকে শুধুই মৃত্যু আর মৃত্যু

লাশের ঝনঝনানি আর কেবলি আহাজারি!


এভাবে হয়তো বিলীন হবে মানব সভ্যতা একদিন

     মুক্ত হবে

         বাতাসে ছড়ানো বিষাক্ততা!

            শেষ হবে প্রকৃতিতে ছিটানো বিষের মহা-উৎসব

                  খাবারে থাকবেনা কোন গোপন ফর্মালিন

                      বা, বিষাক্ত পয়জান।


মৃত্যুর স্বাদ নিতে... নিতে... ভুলে যাব বিষাক্ততা

      হয়তো বা একদিন-

           গঙ্গাজলে ধুইয়ে যাবে সমস্ত পাপ

                পবিত্রতায় ভরবে পৃথিবী

                     নতুন করে জাগবে প্রকৃতি আবার।


হয়তো আমি কিংবা আমরা

পিছু হাঁটতে... হাঁটতে...

ফিরে যাব অনার্যের পথে

কিংবা-

সেই আদিমের যুগে...


Powered by Blogger.

সর্বশেষ

শিল্প সাহিত্য ১৩৩

সোমবার   ৯ই ভাদ্র ১৪২৭ , ২৪ই আগষ্ট ২০২০   কবিতা বিনয় কর্মকার ছবির গল্প   ভাতের ছবি আঁকতেই, ছিটকে পড়ে কালির দোয়াত! লালরঙা স্রোত, সাঁতারকাট...

Followers

মোট পৃষ্ঠাদর্শন

খুঁজুন

Advertise Here

Find us on Facebook

Popular Posts